আজ শীত পড়ে গেছে তাই,
বুঝি, আর সহিষ্ণুতাই নাই!
ধীরে ধীরে যত উষ্ণ হয়েছে ধরা,
আরো আরো দূরে সরে গেছে তারা,
সেসব মানুষই, এতদিন যারা,
বেঁধে রেখেছিল, সম্পর্কের গাঁটছড়া।
আজ শীত পড়ে গেছে তাই,
বুঝি, বোধ আর বিবেকও নাই।
ধীরে ধীরে যত প্রাপ্তি গিয়েছে বেড়ে,
বিবেচনাহীন লোভের বিকারে, রিক্ত হৃদয়
দীর্ণ হয়েছে, শান্তি নিয়েছে কেড়ে।
মানুষই, মানুষ শিকার করেছে, সবকিছু কেড়ে নিয়ে।
আজ শীত পড়ে গেছে তাই,
বুঝি, ঠান্ডা লাগছে তাই।
বড়ো বড়ো সব স্বপ্নগুলোকে,
অলীকই লাগছে তাই।
বঞ্চনা আর, নিষ্পেষণের বশে,
শুধু দেশে রয়ে যাওয়া, না হতে পেরে দশে!
আজ শীত সয়ে গেছে তাই,
বুঝি, ঠান্ডারও বোধ নাই,
বিরক্তি আর হতাশাগুলোও,
কেমন, গা-সওয়া লাগে যে তাই।
তবু, কেন মনে হয়, কেটে যাবে শীত,
উষ্ণতা যদি চাই, যদি তেমনই ঠান্ডা পাই।